সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ তালাশ ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বাংলা টিভির কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নাহিদ: এলাকাবাসীর সংবর্ধনা



‎কুরআন নাযিলের মাস মাহে রমজানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানাধীন লালপুর এলাকায় অবস্থিত ‘মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদরাসা’র ছাত্র মুহাম্মাদ নাহিদুল ইসলাম।

 

 

বেসরকারি টেলিভিশন বাংলা টিভিতে প্রচারিত ‘নূরের পথে সেরা হাফেজ’ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করার এই কৃতিত্ব লাভ করে নাহিদ। একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করেছে উক্ত মাদরাসার শিক্ষার্থী মুহাম্মাদ মিরাজুল ইসলাম। গত ২৪ শে রমজান ১৪৪৭ হিজরী মোতাবেক ১৪ই মার্চ রোজ শনিবার বিকাল তিনটায় এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এদিকে বিজয়ের এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফতুল্লার লালপুরে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। পরের দিন (১৫/০৩/২০২৬ইং) ছাত্ররা মাদরাসায় গিয়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দা ও লালপুর আল-আমিন বাগ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে গণ সংবর্ধনা ও বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

 

 

উক্ত গণসংবর্ধনা ও বিজয় র‍্যালিতে উপস্থিত হয়ে আল-আমিনবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান জনি ও পঞ্চায়েত কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিজয়ী ছাত্রদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 

‎উক্ত সাফল্যে অসামান্য অবদান রাখায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট ইসলামী স্কলার ও এলাকার স্বনামধন্য আলেমেদ্বীন মুফতী ইয়াসিন আকরাম নবীনগরীকেও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাইতুল কুরবান জামে মসজিদের অর্থ সম্পাদক মুহাম্মাদ জয়নাল আবেদীন এবং মসজিদ কমিটির সদস্য রফিকুল ইসলাম‌।

 

 

অভিভাবক প্যানেল প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন মুহাম্মাদ সাইদুর রহমান। আবেগঘন পরিবেশেই বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক জনাব সেলিম আহমদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, বিশিষ্ট সমাজপতি, শিল্পপতি শিক্ষানুরাগী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকগণ।

 

‎পরে বিজয় র‍্যালি মাদরাসা মিলনায়তন থেকে বের হয়ে ফতুল্লা চৌধুরী বাড়ি মিলনায়তন পর্যন্ত প্রদক্ষিণ করে। উক্ত র‍্যালিতেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক এবং শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে কৃতি এই ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া

 

মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মুফতী ইয়াসিন আকরাম নবীনগরী।


আপনার মন্তব্য প্রদান করুন...


এ জাতীয় ক্যাটাগরীর আরো খবর..